জেনেভা ক্যাম্পের ‘পিচ্চি রাজা’ বিমানবন্দরে গ্রেফতার

জেনেভা ক্যাম্পের ‘পিচ্চি রাজা’ বিমানবন্দরে গ্রেফতার

প্রতিকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ২৯টি মামলা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে ৩টি খুন, হত্যাচেষ্টা, মাদক কারবার ও বিস্ফোরক আইনসহ মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে জেনেভা ক্যাম্প ও মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক কারবার নিয়ন্ত্রণ করে আসছিল। এর আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও প্রতিবারই জামিনে বের হয়ে সে আত্মগোপনে চলে যেত।

পুলিশ জানায়, পিচ্চি রাজা নেপাল থেকে শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশে ঢোকার চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা-পুলিশ বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ওত পেতে থাকে। পরে বিমানবন্দের পা রাখতেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।