আশুলিয়ায় ‌‘ইন্টারনেট-ডিস’ ব্যবসার দ্বন্দ্বে গুলিবিদ্ধ ২

আশুলিয়ায় ‌‘ইন্টারনেট-ডিস’ ব্যবসার দ্বন্দ্বে গুলিবিদ্ধ ২

সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ার পৃথক স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, ইন্টারনেট ও ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে তাদের ওপর হামলা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা এলাকা সংলগ্ন ভার্সুয়াল পোশাক কারখানার গলি ও পল্লিবিদ্যুৎ অফিসের পেছনে তাদের গুলি করা হয়। 

গুলিবিদ্ধরা হলেন- স্থানীয় সবুজ সরকারের নেট ব্যবসার কর্মী শিপন ও তার ভাই ঈসমাইল। তাদের মধ্যে ঈসমাইল পিঠ ও দুই পায়ে এবং শিপন এক পায়ে গুলিবিদ্ধ হন। 

আহতদের স্বজনরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে দুই ভাই ভার্সুয়াল পোশাক কারখানার গলি ও পল্লিবিদ্যুৎ অফিসের পিছনে বসে ছিলেন। তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা প্রথমে ভার্সুয়াল পোশাক কারখানার গোলিতে ইসমাইলকে গুলি করে। পরে পল্লিবিদ্যুৎ অফিসের পেছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে দুই ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। কারা কী কারণে তাদের গুলি করেছে তা জানা যায়নি।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইন্টারনেট ও ডিস ব্যবসার দখলকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্তে ও আইনের আওতায় আনতে একাধিক টিম কাজ করছে।”