গাইবান্ধায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
প্রতিকি ছবি
গাইবান্ধার ফুলছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।
বুধবার (২০ মে) ভোরে উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে হাটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরবর্তীতে সাঘাটার দুইটি ও গাইবান্ধার একটি ইউনিটসহ মোট ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে ওষুধ, মুদি, হার্ডওয়্যার, কাপড়, কসমেটিকসসহ বিভিন্ন দোকানের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে অনেক ব্যবসায়ী চরম ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জেহাদ আলী বলেন, ভোরে হঠাৎ আগুন লাগার খবর পাই। ছুটে এসে দেখি আমার দোকানসহ কয়েকটি দোকানের সব মালামাল পুড়ে শেষ হয়ে গেছে।
অনেক কষ্টে ব্যবসা দাঁড় করিয়েছিলাম, এখন কীভাবে আবার শুরু করব বুঝতে পারছি না।
স্থানীয় ইউপি সদস্য জিহাদুর রহমান মওলা বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ৫টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় আটটি দোকান পুড়ে গেছে, তবে শতাধিক দোকান রক্ষা করা সম্ভব হয়েছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।