ঈদ ঘিরে পুলিশের নিরাপত্তা পরামর্শ
ফাইল ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য পরিকল্পিত ভ্রমণ, দ্রুতগতিতে গাড়ি চালাতে চালকদের তাগাদা না দেওয়া, ওভারটেকিং না করা, রেললাইনের পাশে কোরবানির পশুর হাট না বসানোসহ এক গুচ্ছ পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি এ পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ ভ্রমণ নিশ্চিতে ঈদে যাঁরা বাড়ি যাবেন, তাঁরা ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করুন। এতে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের মারাত্মক ভিড় এড়ানো সহজ হবে। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাস, ট্রেন, লঞ্চ ও স্টিমারের ছাদে এবং ট্রাক, পিকআপ ও অন্যান্য পণ্যবাহী যানবাহনে ভ্রমণ থেকে বিরত থাকুন। যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারকচক্রের ব্যাপারে সতর্ক থাকুন।
কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারকচক্রের সদস্য সন্দেহ হলে তাত্ক্ষণিক নিকটস্থ পুলিশকে খবর দিন বা ৯৯৯-এ কল করুন।
কোরবানির পশু সংক্রান্ত পরামর্শ : ট্রাক, লঞ্চ, নৌকা বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই করবেন না। মহাসড়কের ওপর এবং রেললাইনের পাশে কোরবানির পশুর হাট বসাবেন না। পশুর হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করুন।
কেউ অতিরিক্ত হাসিল অথবা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানান।
পশুর হাটে অর্থ লেনদেনে সতর্ক থাকুন : পশুর হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন। বড় অঙ্কের নগদ অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা (কারেন্সি এসকর্ট) নিন। জাল টাকা সম্পর্কে সতর্ক থাকুন। এসংক্রান্তে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করুন।
শপিং মল/মার্কেটের নিরাপত্তা : শপিং মল/মার্কেটের নিরাপত্তায় সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করুন।
প্রয়োজনে যোগাযোগ করুন : কন্ট্রোল রুম : ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৮২৫৯৮, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৭৭৫৯৮, নৌ পুলিশ হেডকোয়ার্টার্স : ০১৩২০১৬৯৫৯৮, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) : ০১৭৭৭৭২০০২৯ নম্বরে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করুন।