ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
ফাইল ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২১ মে) ভোররাতে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদিগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন কোটচাঁদপুরে পৌঁছায়। দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।