লালমনিরহাটে জমি নিয়ে বিরোধে ৩ জনকে জখমের অভিযোগ
প্রতিকি ছবি
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা চালিয়ে নারীসহ ৩ জনকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যার পর সাতপাটকী গ্রামের পাকা রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী মো. মিন্টু মিয়া (৬০) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতপাটকী গ্রামের বাসিন্দা মিন্টু মিয়ার সঙ্গে একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. রিপন সরকার (৪৮), মো. ওয়াকিল (৪২) এবং মৃত আছির উদ্দিনের ছেলে মো. সৌরভের (৩৮) দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিন্টু মিয়ার বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও চড়াও হয়।
এ সময় মিন্টু মিয়ার ছেলে মো. আরিফুল ইসলাম (৩৮) ঝগড়া করতে নিষেধ করলে বিবাদীরা তার ওপর চড়াও হয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় প্রতিপক্ষরা একই পরিবারের ৩জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে চলে যায়।
পরে প্রতিবেশীদের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
লালমনিরহাট সদর থানা ওসি সাদ ইসলাম জানিয়েছে, এই ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।