মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
প্রতিকি ছবি
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব এলাকা থেকে আরও এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আল সাহাব (২২) গাড়াডোব পুকুরপাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর পুলিশ সুপার বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (২০ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ আল সাহাকে আটক করেছে। গত শুক্রবার ও রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলা ও পরিচালনার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এই গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে গাড়াডোব এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আল সাহাবকে গ্রেফতারের পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। প্রাথমিক ডিজিটাল বিশ্লেষণে তার মোবাইল ফোনে অনলাইন জুয়ার চ্যানেলে লেনদেনের তথ্য এবং মালয়েশিয়ান মুদ্রায় অবৈধ ই-ট্রানজেকশনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। এছাড়া তার ব্যবহৃত চারটি ই-মেইলে ১৩টি অনলাইন জুয়ার আইডির তথ্যও পাওয়া গেছে। গ্রেফতারকৃত আল সাহাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।