সিলেটে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
সিলেটে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে।
শুক্রবার (২২ মে) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) থেকে পাঠানো হামের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, দুজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল ও একজন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮৩ রোগী।
গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এ সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ২২ মে পর্যন্ত বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিল, সেটি নিশ্চিত করা গেছে। একজন সন্দেহভাজন।