হরমুজ প্রণালিতে স্থায়ী টোল নিয়ে ইরান-ওমান আলোচনা

হরমুজ প্রণালিতে স্থায়ী টোল নিয়ে ইরান-ওমান আলোচনা

সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর স্থায়ী টোল ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা করছে ইরান ও ওমান। এর মাধ্যমে কৌশলগতভাবে  গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ আরও আনুষ্ঠানিক রূপ পেতে পারে।

ফ্রান্সে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ আমিন-নেজাদ বুধবার (২০ মে) প্যারিসে ব্লু মবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চলাচল সঠিকভাবে পরিচালনার জন্য ইরান ও ওমানকে সব ধরনের সম্পদ কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘এতে খরচ হবে, তাই যারা এই পথ ব্যবহার করে সুবিধা নিতে চায়, তাদেরও এর অংশ বহন করতে হবে।’ এ ছাড়াও পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হবে বলেও জানান তিনি। 

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চাই এই পথ খোলা ও মুক্ত থাকুক, আমরা কোনো টোল চাই না।‘

অন্যদিকে, এ বিষয়ে ওমান সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দেয়। এর জেরে জ্বালানিসমৃদ্ধ পারস্য উপসাগর এলাকায় নিরাপত্তা সংকট তৈরি হয় এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই প্রণালি পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বে মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। এ ছাড়া অ্যালুমিনিয়াম ও সারসহ বিভিন্ন পণ্যও এই রুটে পরিবাহিত হয়।

তথ্যসূত্র: এনডিটিভি