গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক নিহত
ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় ট্রাকের ধাক্কায় নাসির উদ্দিন নামে পিকআপের চালক নিহত হয়েছেন। এ সময় হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়া থেকে কারখানার মালামাল লোড করে পিকআপটি গোড়াই এলাকায় যাওয়ার জন্য রওনা দেয়। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় পৌঁছালে সামনে থাকা এক ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ধাক্কা দেয়। এ সময় পিকআপের পেছনে সিরাজগঞ্জ পরিবহনের এক যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে পিকআপ ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপের চালক ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন পিকআপের হেলপার। তবে যাত্রীবাহী বাসের কেউ হতাহত হননি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।