রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রতিকি ছবি

পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীদের হামলায় আহত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার তারাবো উত্তরপাড়া এলাকার ফল ব্যবসায়ী রনি মিয়ার (৩০) শনিবার সন্ধ্যার দিকে মৃত্যু হয়েছে।

তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার গিলাচরা গ্রামে। তার বাবার নাম আয়েত আলী। তিনি দীর্ঘদিন ধরে তারাবো উত্তরপাড়ার দায়েন মোল্লার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। 

পুলিশ জানায়, গত ২১ মে ভোরে ব্যবসায়ী রনি মিয়া রূপগঞ্জের ভুলতা গাউছিয়া ফলের আড়ত থেকে ফল কিনতে যাওয়ার পথে পূর্বশত্রুতার জেরে তারাবো উত্তরপাড়া মফিজুল ভুঁইয়ার বাড়ির সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা রামদা, চাপাতি, ছুরি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রনি মিয়ার পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে তার ডান হাত, বাম হাত, মাথায় ও গলায় রক্তাক্ত জখম করে। এ সময় রনি মিয়ার সঙ্গে থাকা ফল কেনার নগদ ৬০ হাজার টাকা সন্ত্রাসীরা লুটে নেয়। একপর্যায়ে রনি মিয়ার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। 

পরে স্থানীয়রা রনি মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর মোহাম্মদপুর প্রাইম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় রনি মিয়ার মৃত্যু হয়। নিহত রনির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

এ ব্যাপারে ব্যবসায়ী রনি মিয়ার বড় বোন নাছরিন আক্তার বাদী হয়ে শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২৩), সিয়াম (২৪), শরিফ মিয়া (৩০), সূর্য (১৯), জিসান মিয়া (২১), শ্রাবণ মিয়া (২৫) ও জয় আহমেদকে (২৯) নামীয় ও অজ্ঞাত ৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ফল ব্যবসায়ী রনি মিয়াকে হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।