দেড় কোটি টাকার ইয়াবাসহ তিনজন গ্রেফতার
ফাইল ছবি
চট্টগ্রামের কর্ণফুলী ও বোয়ালখালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে এবং জব্দ করা মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান। শুক্রবার এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, কর্ণফুলী থানা এলাকায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান থামিয়ে গাড়িটির পেছনে বিশেষ কৌশলে তৈরি লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ এবং মাদক কারবারি নাজমুল হক (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার নাজমুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।
র্যাবের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন জানান, কাভার্ড ভ্যানে করে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনার গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর ফকিরনীরহাট শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে ইয়াবা ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে শুক্রবার রাতে বোয়ালখালী পৌর সদরের পূর্ব কালুরঘাটে র্যাবের অস্থায়ী চেকপোস্ট একটি অটোরিকশায় তল্লাশি করে ১৯ হাজার ৬০০টি ইয়াবা জব্দ করেছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা। এসময় অটোরিক্সায় থাকা বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।