লেভানডোভস্কির শেষ নৈশভোজে বার্সার তেতো স্বাদ
রবার্ট লেভানডোভস্কি
লা লিগার শেষ দিনে হার দিয়ে মৌসুম শেষ করল চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে বিদায়ী ম্যাচে গোল করে স্মরণীয় মুহূর্ত উপহার দিলেন রবার্ট লেভানডোভস্কি। যদিও তার গোলে শেষ রক্ষা হয়নি, কারণ দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ঝড়ে ম্যাচ ঘুরিয়ে নেয় ভ্যালেন্সিয়া।
শনিবার (২৩ মে) রাতের ম্যাচে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ভ্যালেন্সিয়া। তবে দারুণ এ জয়ের পরও ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে নিতে পারেনি দলটি।
ঘরের মাঠ মেস্তাইয়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভ্যালেন্সিয়া। হুগো দুরো, লুইস রিওহা ও উনাই নুনিয়েজ একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি তারা। অন্যদিকে বার্সেলোনার হয়ে আলেহান্দ্রো বালদে একবার সাইডনেটে শট মারেন, আর প্রথমার্ধের শেষ দিকে লেভানডোভস্কির হেড পোস্টে লেগে ফিরে আসে।
বিরতির পর ভ্যালেন্সিয়া বড় ধাক্কা খায়। হাঁটুর চোটে মাঠ ছাড়তে বাধ্য হন দিয়েগো লোপেজ। এরপর ৬১তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ফেরান তোরেসের ভলিতে নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল, কিন্তু সজাগ লেভানডোভস্কি বলের গতিপথ বদলে জালে জড়িয়ে দেন। বার্সার জার্সিতে চার মৌসুমে এটি ছিল পোলিশ স্ট্রাইকারের ১২০তম গোল।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। বক্সের কিনারায় বল পেয়ে দারুণ কৌশলে ডিফেন্ডারকে কাটিয়ে ভয়চেখ শেজনিকে পরাস্ত করেন হাভি গেরা। এর চার মিনিট পরই ম্যাচ পুরোপুরি ঘুরে যায়। হেসুস ভাসকেসের তৈরি করা আক্রমণে গেরার শট প্রতিহত হলেও ফিরতি বলে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন লুইস রিওহা।
এরপর মার্ক বার্নাল ভাসকেসকে ফাউল করলে ভ্যালেন্সিয়া পেনাল্টির দাবি তোলে। তবে ভিএআর যাচাইয়ে দেখা যায় ঘটনাটি বক্সের বাইরে ঘটেছে। শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। কিন্তু আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের দুটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি।
যোগ করা সময়ে শেষ পেরেকটি ঠুকে দেন গুইদো রদ্রিগেজ। দূরপাল্লার শক্তিশালী শটে শেজনিকে হতভম্ব করে ব্যবধান ৩-১ করেন তিনি।
ম্যাচের আগে ক্লাব মালিক পিটার লিমের বিরুদ্ধে বিক্ষোভ দেখান ভ্যালেন্সিয়া সমর্থকেরা। তবে মাঠের পারফরম্যান্সে সমর্থকদের কিছুটা হলেও আশা দেখিয়েছে দলটি। যদিও গেতাফে ও রায়ো ভায়েকানোর জয় ভ্যালেন্সিয়ার ইউরোপা স্বপ্ন ভেঙে দিয়েছে।