নীলফামারীর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মোতমাইন্না বেগম
মোতমাইন্না বেগম
শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে মাল্টিমিডিয়া ক্লাস, স্কাউটিং ও খেলাধুলায় উদ্বুদ্ধ করে বিদ্যালয়ের পুরো পরিবেশ বদলে দিয়েছেন তিনি। এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ উপজেলার শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতমাইন্না বেগম মুন্নি।
শনিবার (২৩ মে) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মোতমাইন্না বেগম মুন্নি ২০১১ সালের ২৮ ডিসেম্বর শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগেও ২০২৪ সালে তিনি জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তাঁর স্বামী তারিক আহমেদ একজন ব্যবসায়ী। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী।
বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই মাল্টিমিডিয়া ক্লাস, নিয়মিত সমাবেশ, স্কাউটিং, খেলাধুলাসহ নানা কার্যক্রমে নিয়মিত অংশ নিয়েছেন তিনি। তাঁর প্রচেষ্টায় বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা আজ সারা এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আর এই পরিবর্তনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন সহকারী শিক্ষক মোতমাইন্না বেগম মুন্নি।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোতমাইন্না বেগম মুন্নি বলেন, ‘আমি শিক্ষার্থীদের পাঠদান করার পাশাপাশি খেলাধুলাসহ সবকিছুতে অংশগ্রহণ করিয়েছি। শিক্ষার্থীরা যেন বইয়ের বাইরেও অনেক কিছু শিক্ষা পায়, সবসময় সেটি চেষ্টা করি। অসংখ্য প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘সব দিক যাচাই-বাছাই করে মোতমাইন্না বেগম মুন্নিকে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। আশা করি তিনি আগামী দিনে বিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।’