পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের বৃক্ষ র্যালি ও চারা বিতরণ
সংগৃহীত
পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিবছরের ন্যায় এ বছরও মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে।
শনিবার (২৩ মে) ঈদুল আজহা সামনে থাকায় আগাম এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিটি ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।
“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষ্যে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে বৃক্ষ র্যালি অনুষ্ঠিত হয়।
মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরের পরিচালনায় ও সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত র্যালিটি শ্যামলী থেকে শুরু হয়ে বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
র্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম প্রত্যেক নেতাকর্মীকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত দুটি করে চারা বিতরণের আহ্বান জানান।
তিনি শাখাভিত্তিক সচেতনতামূলক র্যালি আয়োজন, বৃক্ষ নিধন রোধ ও বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং প্রতিষ্ঠানভিত্তিক চারা বিতরণ কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণের আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমান আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে তাপমাত্রা গত বছর ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকলে জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী ২০৫০ সালের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৭ শতাংশ এলাকা তলিয়ে যেতে পারে, ফলে ১০ থেকে ১৫ লাখ মানুষ বাস্তুহারা ও কর্মহীন হয়ে পড়তে পারে। তিনি বলেন, হিট স্ট্রোকসহ বিভিন্ন জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের আশু ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং কার্বন নিঃসরণ কমাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
র্যালি শেষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইম, সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজ এবং মহানগর পশ্চিমের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।