‘খেলা অতটা বুঝি না’ হিমি
ছবিঃ সংগৃহীত।
এবার আর অভিনয় বা পর্দার গল্প নিয়ে নয়, বরং নিজের ফুটবলপ্রীতি আর পছন্দের দল নিয়ে খোলামেলা আড্ডায় মেতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।চমৎকার অভিনয়শৈলী আর মিষ্টি হাসিতে কোটি দর্শকের মন জয় করা এই তারকা নাটক ও ওটিটি— দুই মাধ্যমেই দারুণ ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ভালোবাসা এবং ব্রাজিলকে সমর্থন করা নিয়ে এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
সাক্ষাৎকারে নিজের ফুটবলপ্রেমের কথা জানাতে গিয়ে হিমি অকপটে স্বীকার করেন যে, তিনি মূলত খেলা অতটা না বুঝেই ব্রাজিল দল সাপোর্ট করেন।
ছোটবেলা থেকেই তার বাবা ও ভাইকে ব্রাজিলের কট্টর সমর্থক হিসেবে দেখে আসছেন, আর সেই পারিবারিক আবহ থেকেই তারও ব্রাজিলের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। তবে এই দলটিকে সমর্থন করতে গিয়ে তাকে প্রায়ই বন্ধুমহলে কিংবা পরিচিতদের কাছে বেশ ট্রল বা ‘পচানি’ খেতে হয় বলে হেসে ফেলেন এই তারকা।
ব্রাজিল দলের তারকা খেলোয়াড়দের প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিমি জানান, নেইমারের কারণেও তাকে বেশ পচানি খেতে হয়। তবে শৈশবের এক স্মৃতির কথা রোমন্থন করে তিনি বলেন, ছোটবেলায় যখন ব্রাজিলের তারকা ফুটবলার কাকা খেলতেন, তখন তার ওপর একপ্রকার ‘ক্রাশ’ খেয়েছিলেন তিনি।
কাকার চমৎকার রূপ আর খেলার স্টাইল তাকে মুগ্ধ করেছিল। বর্তমান সময়ে কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণে আগের মতো নিয়মিত খেলা দেখার সুযোগ না হলেও, হৃদয়ে ব্রাজিলের প্রতি সেই টানটা বরাবরই রয়ে গেছে বলে জানান হিমি।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে পথচলা শুরু করেন জান্নাতুল সুমাইয়া হিমি। এরপর থেকেই নিয়মিত নাটকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন এই সুহাসিনী অভিনেত্রী।