গোপালগঞ্জের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাসেল কাজী

গোপালগঞ্জের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক রাসেল কাজী

মো. রাসেল কাজী

শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন মো. রাসেল কাজী। 

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় তিনি তার মেধা, পেশাগত দক্ষতা এবং শিক্ষামূলক সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হওয়ার এই গৌরব অর্জন করেন। 

মো. রাসেল কাজী তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। বর্তমানে তিনি ১৬০নং ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। 

গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার একটি সরকারি কলেজ থেকে এইচএসসি এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাবেক বশেমুরবিপ্রবি) থেকে মো. রাসেল কাজী বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. রাসেল কাজী কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নন; তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী করতে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানে বিশেষ পারদর্শী। তার সহজ ও সাবলীল উপস্থাপন ভঙ্গি শিক্ষার্থীদের মাঝে তাকে অত্যন্ত প্রিয় করে তুলেছে। 

তার এই অর্জনে কাশিয়ানী প্রাথমিক শিক্ষা পরিবার গর্বিত। তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।