এবার কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের উত্তর প্রদেশ

এবার কোরবানি ও ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি ভারতের উত্তর প্রদেশ

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঈদুল আজহা উপলক্ষে জানিয়েছেন, কোনোভাবেই জনসমক্ষে পশু কোরবানি করা যাবে না।

একই সঙ্গে নিষিদ্ধ পশু কোরবানির ক্ষেত্রে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি।

সোমবার (২৫ মে) ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ভিডিও কনফারেন্সে উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বৈঠক থেকে জেলা প্রশাসনগুলোকে এ নির্দেশ দেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, কোরবানি কেবল নির্ধারিত স্থানে সীমাবদ্ধ রাখতে হবে। এ উৎসবকে কেন্দ্র করে নতুন কোনো প্রথা চালু করা যাবে না।

তিনি আরও বলেন, ঈদের নামাজ কেবল নির্ধারিত স্থানে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা অবরোধের অনুমতি দেওয়া হবে না।

এছাড়াও, কোরবানির পর বর্জ্য অপসারণ, অবৈধ মাংস বিক্রি বন্ধ এবং বেআইনি কসাইখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। বৈধ কসাইখানাগুলোকে নির্ধারিত ধারণক্ষমতার বাইরে পশু না রাখার কথাও বলা হয়েছে।