গরুর হাটে যাওয়ার পথে বজ্রপাতে কিশোর নিহত
প্রতিকি ছবি
মাদারীপুরের সদর উপজেলার ছিলারচর এলাকায় গরুর হাটে যাওয়ার পথে বজ্রপাতে জিসান খান (১১) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হিমেল খান ও বাবুল খান নামে আরও দুই যুবক।
সোমবার (২৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত জিসান খান সদর উপজেলার পশ্চিম ছিলারচর এলাকার আইয়ুব খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম ছিলারচর এলাকা থেকে ট্রাকে করে ক্রোপচর গরুর হাটে গরু বিক্রির উদ্দেশ্যে রওনা দেন জিসানসহ তিনজন। পথে হঠাৎ প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া শুরু হলে তারা ট্রাকের ওপরেই অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত ট্রাকের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই জিসান খান মারা যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হিমেল খান ও বাবুল খানকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক জিসান খানকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার অখিল সরকার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।