ঈদযাত্রা নিরাপদে নদীপথে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঈদযাত্রা নিরাপদে নদীপথে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে নদীপথে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের দিক নির্দেশনায় কর্মকর্তা ও সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

 

সোমবার (২৪ মে) রাতে নৌ পুলিশের সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নৌ পুলিশ জানায়, নৌ পুলিশের আওতাধীন উত্তর ও দক্ষিণ বিভাগের ১১টি অঞ্চলে গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাট ও নৌপথে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। উত্তর বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, টাঙ্গাইল, সিলেট ও কিশোরগঞ্জ এবং দক্ষিণ বিভাগের চাঁদপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন ইউনিটে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সার্বিক নিরাপত্তা তদারকিতে গুরুত্বপূর্ণ স্থানে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

পাশাপাশি সদরঘাট, পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, কাজিরহাট ও আরিচা ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌ ঘাটে অতিরিক্ত নৌ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তারা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করছেন।

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলের ১৭০টি ডিউটি পোস্টে মোট ১ হাজার ১৪৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন।

যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, জলযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিতকরণ এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া অসুস্থ যাত্রীদের সহায়তা এবং হকার ও মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধেও তৎপর রয়েছে নৌ পুলিশ।

নৌপথে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। একইসঙ্গে কোরবানির পশুবাহী জলযানে হয়রানি ও চাঁদাবাজি ঠেকাতে আঞ্চলিক পুলিশ সুপারদের নেতৃত্বে টহল জোরদার করা হয়েছে।

নৌ পুলিশের বিশেষ এই নিরাপত্তা কার্যক্রম গত ২২ মে থেকে শুরু হয়েছে এবং আগামী ২ জুন পর্যন্ত চলবে।