সেঞ্চুরিতে হামজার বিশ্বরেকর্ড

সেঞ্চুরিতে হামজার বিশ্বরেকর্ড

ফাইল ছবি

টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুয়ান্ডার ব্যাটসম্যান হামজা খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব রিজিওনাল যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আইভোরি কোস্টের বিপক্ষে ১৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হামজা। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। 

৬৫ বলে ১৬৪ রানের ইনিংস খেলেন হামজা। তার ইনিংসে রয়েছে ৯টি চার এবং ১৫টি ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। তিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রান করেছিলেন। ফিঞ্চের ওই ইনিংসের পরেই থাকল হামজার ১৬৪ রানের অপরাজিত ইনিংস।

রুয়ান্ডার এই ওপেনার টপকে গেলেন আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাইকে। তিনি ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই তালিকায় চতুর্থ স্থানে নেমে গেলেন স্পেনের মোহাম্মদ ইহসান। তিনি ২০২৫ সালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ১৬০ রানের ইনিংস খেলেন। পঞ্চম স্থানে আবার ফিঞ্চ। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৬ রান করেছিলেন।

১৬৪ রানের ইনিংসে ১৫টি ছক্কা মেরেও একটি রেকর্ড গড়েছেন হামজা। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।

রোববার ম্যাচে প্রথমে ব্যাট করে রুয়ান্ডা করে ২ উইকেটে ২৮৮ রান। হামজা ছাড়া ভালো ব্যাট করেন দিদিয়ের এনডিকুবিমানা। তিনি করেন ৪৫ বলে ৬৯। এ ছাড়া ইসায়ে নিয়োমুগাবো ১২ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। জবাবে ১৫.২ ওভারে ১৭ রানে শেষ হয়ে যায় আইভোরি কোস্টের ইনিংস। সর্বোচ্চ ১০ নম্বরে ব্যাট করতে নামা ওয়াটারা উসিফের ৫। আইভোরি কোস্টের চার জন্য ব্যাটার ০, তিন জন ব্যাটার ১ এবং দু’জন ব্যাটার ২ রান করে করেছেন।