ভারী বৃষ্টিতে চীনে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১

ভারী বৃষ্টিতে চীনে ৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১

ছবিঃ সিনহুয়া

চীনের চংকিং প্রদেশের ইয়ংচুয়ান জেলায় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।সোমবার (২৫ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই হতাহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত হওয়া এই মুষলধারে বৃষ্টিতে জেলার চাশানঝুহাই, ঝাংশান রোড এবং শুয়াংশি শহরতলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন এরই মধ্যে ১ হাজার ৮২৭ জন উদ্ধারকারী কর্মী মোতায়েন করেছে। এর মধ্যে ১ হাজার ৩৬৭ জন স্থানীয় কর্মকর্তা, মিলিশিয়া ও স্বেচ্ছাসেবী এবং ৪৬০ জন পেশাদার উদ্ধারকর্মী রয়েছেন। উদ্ধারকাজে গতি আনতে নৌকা, গাড়িসহ ১ হাজারের বেশি ছোট-বড় উদ্ধারকারী সরঞ্জাম এবং ৬৩টি ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে অঞ্চলের যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। জেলা পরিবহন কমিশন ২৫টি ভারী মেশিন এবং ১২০ জনেরও বেশি শ্রমিক নিয়োগ করে ২৫টি অবরুদ্ধ সড়ক পরিষ্কার করার কাজ চালাচ্ছে।

বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা ২ হাজার ১৪১ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৮৯টি পরিবারকে সরকারি আশ্রয়কেন্দ্রে এবং বাকিদের অন্যান্য নিরাপদ স্থানে রাখা হয়েছে। দুর্গতদের জন্য নয় হাজারের বেশি ধারণক্ষমতাসম্পন্ন ৪২টি কেন্দ্রীয় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে প্রশাসন।

কর্তৃপক্ষ পুরো এলাকায় ১ হাজার ৩৯৬টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে ৪৪৬টি স্থানের ঝুঁকি এরই মধ্যে মোকাবিলা করা হয়েছে এবং বাকি ৯৫০টি স্থানে মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে।