পৃথিবীতে চাঁদ একটাই যুক্তিতে চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ
ফাইল ছবি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগেুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধশতাধিক গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় ১০০ বছর ধরে রোজা রেখে ঈদসহ ধর্মীয় অনুষ্ঠানগলো উদযাপন করে আসছেন। এ বছরও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হবে বলে জানিয়েছে চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ কর্তৃপক্ষ। পৃথিবীতে চাঁদ একটাই— এমন যুক্তিতে তারা দেশের অন্যান্য জায়গার চেয়ে আলাদা দিনে ঈদ পালন করেন।
মঙ্গলবার (২৬) সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আরিফ চৌধুরী ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রথম চাঁদ দেখার ভিত্তিতে ১৯২৮ সালে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক (রহ.)। তার অনুসারীরা প্রথম চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখা ও ঈদ উদযাপন করে থাকেন। সেই থেকে বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে ঈদসহ ধর্মীয় উৎসব পালন করেন। এর মধ্যে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর ও সুরঙ্গচাইল গ্রাম। ফরিদগঞ্জ উপজেলার সুরঙ্গচাউল, কাইতাড়া, উভারামপুর, টোরামুন্সিরহাট, মতলব উত্তর উপজেলার পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দিসহ অর্ধশতাধিক গ্রামের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার পবিত্র ঈদুল আযহা পালন করবেন।
খোঁজ নিয়ে জানা যায় , বুধবার সকাল থেকে সমেশপুর ঈদগাহ মাঠ, সাদ্রা হামিদিয়া ফাজিল, মাদ্রাসা মাঠ সাদ্রা দরবার শরীফ মাঠসহ ১২টি ঈদগাহ মাঠে এবং উত্তর সাদ্রা বায়তুল সালাম জামে মসজিদ, দক্ষিণ সাদ্রা জামে মসজিদ,উত্তর অলিপুর বেপারী বাড়ি জামে মসজিদ,উত্তর অলিপুর ঢালী বাড়ি, মসজিদ দক্ষিণ বলাখাল হাজী বাড়ি, দক্ষিণ বলাখাল স্কুল বাড়ি, পাঁচানী দরগাম মসজিদ, পূর্ব পাঁচানী সরকার বাড়ি, দেওয়ানজিকান্দি প্রধানিয়াবাড়ী মসজিদ, সাড়ে পাঁচানী প্রধানিয়া জামে মসজিদ, দক্ষিণ মাথাভাঙ্গা ভেন্ডরবাড়ী, মসজিদ পাড়ে পাঁচানী উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ ১৮টি জেলার বিভিন্ন স্থানে মোট ৩০টি ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়াও স্ব-স্ব এলাকায় এ নামাজ অনুষ্ঠিত হবে।
হাজীগঞ্জ সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আরিফ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আগামীকাল (আজ) বুধবার সকাল ৮টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হবে। পৃথিবীতে চাঁদ একটাই। সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ পালন করি। এ বছরও সাদ্রা দরবার শরীফে ঈদুল আযহা জামায়াত অনুষ্ঠিত হবে।
সাদ্রা দরবার শরিফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরিফে ঈদ জামাত আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।