পাকুন্দিয়ার কলাদিয়া গ্রামে আজ ঈদ

পাকুন্দিয়ার কলাদিয়া গ্রামে আজ ঈদ

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামে দুই শতাধিক লোক বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ১৪ বছর ধরে এভাবে মুসলিম সম্প্রদায়ের একটি অংশ রোজা রাখেন এবং দুই ঈদ উদযাপন করে থাকেন।

এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করবেন। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলার কলাদিয়া গ্রামের এই মতের অনুসারীরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দেশে প্রচলিত নিয়মের এক দিন আগেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত ২০১২ সাল থেকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামসহ আশপাশের এলাকার দুই শতাধিক লোক পবিত্র রমজানের রোজাসহ দুটি ঈদ উৎসব পালন করে আসছেন। এই ধারাবাহিকতায় এবারও তারা দেশের প্রচলিত নিয়মের এক দিন আগেই ঈদুল আজহা উদযাপন করবেন।

এ মতের অনুসারী উপজেলার কলাদিয়া গ্রামের বাসিন্দা ডা. মাজু মিয়া বলেন, ২০১২ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজানের রোজাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছি। এর ধারাবাহিকতায় এবারও আমাদের কলাদিয়া গ্রামের দুই শতাধিক ধর্মপ্রাণ মুসলিম নারী-পুরুষসহ আমরা ঈদুল আজহা উদযাপন করব। 

আজ বুধবার সকাল ৭টায় আমাদের নির্মিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ময়মনসিংহের মাওলানা শায়খ মাসুম এই ঈদের জামাতে ঈমামতি করবেন।