ঈদে বান্দরবানে পর্যটকদের জন্য নতুন নির্দেশনা
সংগৃহীত ছবি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানে আসা দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, পর্যটকদের সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদরে ফিরে আসতে হবে।
সম্প্রতি জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট কিংবা নির্ধারিত অনুমতি ছাড়া কোনো রুটে পর্যটকরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া ভ্রমণ না করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এতে আরো বলা হয়, পর্যটকদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।
কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।