কলকাতার জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায় ঢাকায় আসছেন
কলকাতার জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায় ঢাকায় আসছেন//ফাইল ছবি।
কলকাতার জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায় আবারও গান শোনাতে ঢাকায় আসছেন। দুই বাংলার সমান জনপ্রিয় এই শিল্পীর বাংলাদেশে রয়েছে বিশাল ভক্তগোষ্ঠী।
আর সেই ভক্তদের সুরের মায়ায় মাতাতে আগামী ২৬ জুন পুরো ব্যান্ডসহ ঢাকায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করবেন তিনি।
‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুপম রায় এবার একা নন, তার পুরো ব্যান্ড দল নিয়ে ঢাকায় আসছেন। প্রিয় তারকার আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার শ্রোতাদের মাঝে বেশ উদ্দীপনা ও উন্মাদনা দেখা যাচ্ছে।
এর আগে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করতে সবশেষ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। তারও আগে ২০২৩ সালের জুলাই মাসে এই ট্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনেই ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অংশ নিয়ে আইসিসিবি মাতানো ছাড়াও ঢাকার রাস্তায় তার হেঁটে বেড়ানোর ভিডিও বেশ সাড়া ফেলেছিল ভক্তদের মাঝে।
বাংলাদেশে আসা প্রসঙ্গে বরাবরই ভীষণ উচ্ছ্বসিত অনুপম রায়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলেই আমি বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গোছানো শুরু করি। কারণ এখানকার মানুষ এবং তাদের ভালোবাসা আমাকে বারবার টেনে আনে।
শিগগির এই কনসার্টের ভেন্যু এবং টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।