রংপুরের কালেক্টরেট ঈদগাহে প্রধান জামাত

রংপুরের কালেক্টরেট ঈদগাহে প্রধান জামাত

ফাইল ছবি

 

রংপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮টায় এই জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন বলে জানা গেছে।

ঈদের প্রধান জামাতে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা অংশ নেবেন।

বুধবার সকাল থেকেই সিটি কর্পোরেশনের কর্মীরা ঈদগাহ মাঠ প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন।

এর মধ্যে রয়েছে প্যান্ডেল স্থাপন, মাঠে জমে থাকা বৃষ্টির পানি অপসারণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম।

আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে রংপুর জেলা মডেল মসজিদে সকাল ৮টায় প্রথম এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাতের আয়োজন করা হবে। পাশাপাশি রংপুর পুলিশ লাইন্স মাঠে সকাল ৮টায় এবং সদর হাসপাতাল জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীসহ জেলার আটটি উপজেলায়ও প্রধান জামাতের সময়সূচির সঙ্গে মিল রেখে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

এদিকে ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানিয়েছেন, কালেক্টরেট ঈদগাহে বড় জমায়েতকে ঘিরে টহল, গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হয়েছে

তিনি আরও জানান, ঈদে নাশকতা, চুরি, ছিনতাই ও বিশৃঙ্খলা রোধে র‌্যাব কাজ করছে। পাশাপাশি ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়ক ও বাস টার্মিনাল এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।