বাবা ফিরলেন, কুদুস নেই; ধর্ষণে অভিযুক্ত পার্টেই আছেন ঘানায়
ছবি: সংগৃহীত
ঘানার কোচ কার্লোস কুইরোজ ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিতে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। তবে এই ঘোষণা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, কারণ দলে জায়গা পেয়েছেন ভিয়ারিয়াল মিডফিল্ডার থমাস পার্টে, যার বিরুদ্ধে যুক্তরাজ্যে একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে মামলা চলছে।
৩২ বছর বয়সী এই ঘানাইয়ান তারকার বিরুদ্ধে ২০২৫ সালের জুলাইয়ে প্রথম অভিযোগ ওঠে। তিন নারীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আরও দুটি ধর্ষণের অভিযোগ যুক্ত হয়। মোট সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পার্টে সব অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার আইনজীবী জানিয়েছেন, তিনি পুলিশের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছেন। বর্তমানে জামিনে রয়েছেন এই ফুটবলার। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের জন্য ভিসা আবেদনের সময় তাকে এসব অভিযোগের বিষয় উল্লেখ করতে হবে। মার্কিন আইন অনুসারে যেকোনো গ্রেপ্তার বা অপরাধমূলক অভিযোগ ভিসা আবেদনে জানানো বাধ্যতামূলক।
পার্টে ঘানার হয়ে ৫৬টি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ৩২ ম্যাচ খেললেও ইনজুরির কারণে পুরো সময় নিয়মিত খেলতে পারেননি। তার চুক্তি গ্রীষ্মে শেষ হচ্ছে।
এদিকে চোটের কারণে বিশ্বকাপের দল থেকে পুরোপুরি ছিটকে গেছেন টটেনহ্যাম হটস্পারের তারকা উইঙ্গার মোহাম্মদ কুদুস। কিন্তু দলটিতে বড় চমক হিসেবে প্রায় তিন বছর পর ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার আব্দুল রহমান বাবা।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২ জুন ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ঘানা (কার্ডিফ সিটি স্টেডিয়ামে)। এরপর দল যাবে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্সে বেস ক্যাম্পে।