মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নুর ইসলাম জোমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দারের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌপুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

এর আগে গত সোমবার বিকেলে মেঘনা নদীর পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হন। পরে মঙ্গলবার ভোরে পুরাতন হিজলা এলাকা থেকে হারুন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

হিজলা নৌপুলিশ সূত্র জানায়, ট্রলারডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন। বুধবার ভোররাতে ভাসানচর এলাকায় দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনেরা মরদেহ দুটি নুর ইসলাম জোমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দারের বলে শনাক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জেলে কার্ডের চাল নিয়ে আটজন যাত্রী একটি ট্রলারে আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। ট্রলারটি পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ কালবৈশাখীর কবলে পড়ে ডুবে যায়।

এ সময় স্থানীয় লোকজন পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নুর ইসলাম জোমাদ্দার, তার ছেলে ইব্রাহিম জোমাদ্দার এবং একই গ্রামের হারুন বিশ্বাস নিখোঁজ হন।

হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, উদ্ধার হওয়া মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।