ঈদের সকালেই কিংস অ্যারেনায় অনুশীলনে নামবেন জামালরা
সংগৃহীত ছবি
ঈদের আনন্দে যখন পুরো দেশ উৎসবে ব্যস্ত থাকবে, তখনও থেমে থাকছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে ঈদের সকালেই অনুশীলনে নামছেন জামাল ভূঁইয়ারা।
জাতীয় দলের ফুটবলাররা ঈদের নামাজ শেষে সরাসরি মাঠে যোগ দেবেন কোচ থমাস ডুলির ডাকা অনুশীলন সেশনে। আসন্ন ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে বৃহস্পতিবার (২৮ মে) সকাল পৌনে ৯টায় সেশন নির্ধারণ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ডুলি।
বর্তমানে রাজধানীর একটি হোটেলে ক্যাম্প করছে জাতীয় দল। সেখানকার কাছাকাছি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন ফুটবলাররা। এরপরই তারা অনুশীলনের জন্য রওয়ানা দেবেন কিংস অ্যারেনায়। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।
সেই ম্যাচকে সামনে রেখে কয়েকদিন ধরেই চলছে দলের প্রস্তুতি। পরিকল্পনা অনুযায়ী, ৩১ মে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ার কথা রয়েছে জামালদের।
জাতীয় দলের পাশাপাশি অনুশীলনে রয়েছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দলও। তবে ঈদের দিনে অলিম্পিক দলের খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন কোচ মারুফুল হক। সামনে মালদ্বীপে অনুষ্ঠিতব্য চার জাতি টুর্নামেন্টে অংশ নেবে দলটি।