লাওসের গুহা থেকে জীবিত উদ্ধার ৫, এখনও নিখোঁজ ২
সংগৃহীত
লাওসের মধ্যাঞ্চলের একটি জলমগ্ন গুহায় আটকা পড়া সাতজন গ্রামবাসীর মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মে) বিশেষজ্ঞ গুহা ডুবুরিরা তাদের সন্ধান পান। এখনও বাকি দুজনের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে থাই উদ্ধারকারী ডুবুরি কেংকাড বোংকাওং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, পাঁচজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
লাওসের স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংগঠন রেসকিউ ভলান্টিয়ার ফর পিপল জানিয়েছে, উদ্ধার হওয়া পাঁচজনই জীবিত ও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচজনকে জীবিত উদ্ধারের খবর পেয়ে ভূপৃষ্ঠে অবস্থানরত উদ্ধারকর্মীরা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফিনিশ ডুবুরি মিকো পাসি জানান, আটকে পড়াদের খুঁজে পাওয়া গেলেও উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কাজটি অত্যন্ত কঠিন ছিল এবং এতে জড়িত সবাই অসাধারণ ভূমিকা রেখেছেন।
ফিনিশ ডুবুরি মিকো পাসির ভিডিওতে দেখা যায় গুহা থেকে উদ্ধার হওয়া পাঁচ ব্যক্তি। ছবি: সংগৃহীত
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা আপাতত গুহার ভেতরেই অবস্থান করছেন। তারা অসুস্থ নন, তবে দুর্বল এবং ক্ষুধার্ত। তাদের জন্য অতিরিক্ত খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতে আবারও গুহার ভেতরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন উদ্ধারকারীরা।
মিকো পাসি ২০১৮ সালে থাইল্যান্ডের একটি জলমগ্ন গুহা থেকে কিশোর ফুটবল দল উদ্ধারের আন্তর্জাতিক অভিযানে অংশ নিয়েছিলেন।
লাওসের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গত ২০ মে রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ১২৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত জাইসোমবুন প্রদেশের একটি গুহায় সাতজন গ্রামবাসী স্বর্ণের সন্ধানে প্রবেশ করেন। পরে প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিলে তারা গুহার ভেতরে আটকা পড়েন।
সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম লাও ইকোনমিক ডেইলি জানায়, উদ্ধারকারীরা পাম্পের সাহায্যে গুহার পানি সরানোর চেষ্টা চালালেও তখন পর্যন্ত আটকে পড়াদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। বুধবারও পানি অপসারণ ও উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
সূত্র: সিএনএন, এএফপ