কর্ণফুলীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রতিকী ছবি
চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার (লেগুনা) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলীর ভেল্লাপাড়া ব্রিজসংলগ্ন তালতল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, আহতদের মধ্যে অন্তত ২০ জন চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঈগল পরিবহণের একটি বাস অতিরিক্ত গতিতে উল্টো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ দাশ বলেন, দুর্ঘটনার পর বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে দুই গাড়ির চালকই পালিয়ে গেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।