সমালোচনা করুন, দেশ বিপদে পড়ে এমন কোনো চক্রান্ত নয়: বিরোধী দলকে রিজভী
ছবিঃ সংগৃহীত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং সম্ভাব্য ষড়যন্ত্র নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের সমালোচনা করা যেতে পারে, ভুল ধরিয়ে দেওয়া যেতে পারে; তবে কোনো ধরনের চক্রান্ত বা অস্থিতিশীলতার রাজনীতি দেশের জন্য বিপজ্জনক।
শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বহুদলীয় রাজনীতি ফিরিয়ে আনতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা থেকে শুরু করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা; প্রতিটি ক্ষেত্রে তিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন।
জিয়াউর রহমানের মৃত্যু প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়। স্বাধীনতা, জাতীয়তাবাদ এবং দেশের স্বার্থে আপসহীন অবস্থানের কারণেই তিনি ষড়যন্ত্রের শিকার হন বলে দাবি করেন রিজভী।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, একটি রাষ্ট্রে অপরাধ, বিশৃঙ্খলা বা বিভিন্ন ধরনের সংকট থাকতে পারে। তবে নির্বাচিত সরকারের দায়িত্ব হলো দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং আইনের শাসন নিশ্চিত করা। জনগণ সরকারের বিভিন্ন পদক্ষেপ পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষি কার্ড’ এবং ‘হেলথ কার্ড’-এর মতো কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হওয়ার আহ্বান জানান তিনি। দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক ধারাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করা উচিত নয় বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করে রিজভী জানান, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া ওই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন
তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।