হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রতিকি ছবি
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে বাকবিতণ্ডার জেরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দেলোয়ার হোসেন (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। পেশায় তিনি একজন কৃষক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মারা যান।
নিহত দেলোয়ার হোসেন হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের খয়বার মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকালে হরিনাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে আজ সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।
এ তথ্য নিশ্চিত করে হরিনাকুণ্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা অসিত কুমার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।