রাস্তায় কোরবানির বর্জ্য, দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান
কোরবানির বর্জ্যসহ পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনা সড়কে পড়ে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার (উপ-সচিব) বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকালে এ দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন-ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপ-সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপ-সচিব)।
শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে হাতিরপুল, অ্যালিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্ব থেকে জমে থাকা কিছু ময়লা-আবর্জনা সড়কে পড়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। এতে অসন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিকভাবে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।