কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
প্রতিকী ছবি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দিনগত রাতে কলমাকান্দা–দুর্গাপুর সড়কের গজারমারি সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং একই ইউনিয়নের ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)। আহত বিল্লাল (১৮) ঘোষপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে যান। সেখানে চা পান শেষে বাড়ি ফেরার পথে চান্দুয়াইল এলাকায় এসে একটি মোটরসাইকেলের আরোহীদের দেখতে না পেয়ে অন্যরা তাদের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে গজারমারি সেতু-সংলগ্ন সড়কের পাশে একটি খাদে মোটরসাইকেলসহ তিন আরোহীকে পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম বলেন, দুর্ঘটনায় নিহত দুই যুবকের লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।