জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল
সংগৃহীত ছবি
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় উপজেলার গোলাকান্দাইল এলাকায় স্থানীয় সংসদ সদস্যের বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়া, আমিরুল ইসলাম ইমন ও আফজাল হোসেন ভুঁইয়াসহ আরও অনেকে।
দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও উন্নয়নে তার অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।