এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বিতর্কিত হয়: এমপি আশফাক

এমন কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বিতর্কিত হয়: এমপি আশফাক

সংগৃহীত ছবি

ঢাকা-১ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, সমাজে মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি অসৎ চক্র সক্রিয় রয়েছে। যুবসমাজকে বিপথগামী করার অপচেষ্টা রোধে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি যাতে অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এমপি।

তিনি বলেন, জনগণ আশা ও বিশ্বাস নিয়ে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে, ফলে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে সরকার বা দল বিতর্কিত হয়।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বিকালে নবাবগঞ্জ সদর কাশিমপুর, গোবিন্দপুর, বাহ্রা ও শিকারীপাড়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক এসব কথা বলেন।

উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় খন্দকার আবু আশফাক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জাতির প্রতিটি দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে জাতির হাল ধরেছেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। তার জীবনাদর্শ, সততা, দায়িত্ববোধ ও গণমুখী রাজনীতি দেশের মানুষের কাছে আজও অনুকরণীয়।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পথচারী ও গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ করা হয়।