ঈদের ছুটিতে চট্টগ্রামে ৯ জনের মৃত্যু

ঈদের ছুটিতে চট্টগ্রামে ৯ জনের মৃত্যু

ফাইল ছবি

 

চট্টগ্রামে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনাসহ একাধিক ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৯ জনের। জানা গেছে, ঈদের দিন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বেপরোয়া গতির একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে।  

নিহতরা হলেন, কর্ণফুলি উপজেলার শিকলবাহার নূর হোসেনের ছেলে সজিব হোসেন (২৬), পটিয়ার খরনার দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), আশিয়ার মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬) এবং পটিয়া পৌরসভার গোবিন্দখীলের বাদশা মিয়ার ছেলে হারুনুর রশিদ (৫১)।

২৭ মে বুধবার রাউজানের নোয়াপাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বনমালি দাশ ওরফে শংকর (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকার এজাহার মাস্টার সেতু সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণকূল এলাকার সতীশ মাস্টার বাড়ির বজেন্দ্র দাশের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

ফটিকছড়ি উপজেলার বাগানবাজার এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ৩০ মে শনিবার সকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নের উদয়পাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জয়নাল (৩২) ওই এলাকার মো. ইলিয়াছ কোম্পানির ছেলে।  

জানা গেছে, জয়নালের বড় ভাই মো. জাফরের ফেসবুক আইডি হ্যাক হওয়ার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা শাহজাহানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোট ভাই জয়নাল এগিয়ে গেলে জাফর ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এদিন উপজেলার হারুয়ালছড়ি এলাকার রাঙাপানি চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, রাউজান উপজেলার নোয়াজিশপুর এলাকার সঞ্জিত দাশের ছেলে সীমান্ত দাশ এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক।

একইদিন বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইসক্রিম ফ্যাক্টরি রোড এলাকার আসকর পাড়া ইমরান হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমরান হোসেন ওই এলাকার মৃত বজল করিমের ছেলে। তিনি স্ত্রী ও এক বছর বয়সী এক সন্তান রেখে গেছেন।  

বোয়ালখালী থানার এসআই জুয়েল রানা বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।