চিরকুট লিখে ট্রেনের নিচে মাথা দিয়ে যুবকের আত্মহত্যা
প্রতিকি ছবি
আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন’—এমন একটি চিরকুট লিখে রংপুরের পীরগাছায় আতিক (২৩) নামের এক যুবক ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার উচাপাড়া ও দুধিয়াবাড়ি রেলগেটের অদূরে এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আতিক হোসাইন।
তিনি উপজেলার কিসামত পারুল এলাকার আলতাব হোসেনের ছেলে।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনটি ঘটনাস্থল অতিক্রমকালে ওই যুবক ট্রেনের নিচে মাথা পেতে দেন। পরে স্থানীয় লোকজন মাথা কাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুবকের পরিচয় পাওয়া যায়।
তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। পরে প্যান্টের পেছনের পকেটে থাকা চিরকুটে লেখা—‘আমার মৃত্যুর জন্য আমি নিজে দায়ী। আমার জন্য দোয়া করবেন। ’
পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার ইউছুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।