পিএসজির শিরোপা উৎসব রণক্ষেত্রে, ফ্রান্সজুড়ে ৭৮০ গ্রেফতার
সংগৃহীত ছবি
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবল প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দ শেষ পর্যন্ত সহিংসতার জেরে ম্লান হয়েছে। ফরাসি ক্লাব পিএসজি শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উদযাপন ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৭৮০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
ফরাসি গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পিএসজির ঐতিহাসিক জয়ের পর রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন হাজারো সমর্থক। তবে আনন্দ মিছিলের একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে র পর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়া, দোকানপাট ভাঙচুর এবং জনসম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যায় প্যারিসের বিখ্যাত চ্যাম্পস-এলাইস এলাকায় এবং পিএসজির স্টেডিয়াম পার্চ ডেস প্রিন্সেস সংলগ্ন অঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও অন্যান্য ভিড় নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহার করে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ল্যরেন্ট নুনেজ জানিয়েছেন, সহিংসতার ঘটনায় অন্তত ৫৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। রাজধানী প্যারিসেই প্রায় ৪৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর, চুরি এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে প্রায় ২২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। রবিবার (৩১ মে) সকাল নাগাদ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে সহিংসতার ঘটনা সত্ত্বেও পিএসজির শিরোপা উদ্যাপনের আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়নি। দলটির খেলোয়াড়দের সংবর্ধনা এবং সমর্থকদের জন্য নির্ধারিত উৎসব আয়োজন যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফুটবলপ্রেমীদের কাছে স্মরণীয় এক জয়ের রাত সহিংসতায় কলঙ্কিত হওয়ায় ফ্রান্সে নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।