রাজবাড়ীতে তিন পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে তিন পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

ঈদযাত্রায় যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তিন পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেল থেকে রাত পর্যন্ত রাজবাড়ী সদরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল ইসলাম।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জনসাধারণের যাত্রাকে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে রাজবাড়ী সদরের মুরগি ফার্ম এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রতিটি বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা যাচাই করা হয় এবং বিভিন্ন পরিবহনের বাসে যাত্রীদের মতামত ও অভিযোগ যাচাই-বাছাই করা হয়।

এ সময় বিআরটিএ নির্ধারিত হারের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে, সপ্তবর্ণা পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরতের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া একই সময় জামান বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাত্রীদের থেকে নেওয়ার কোন সুযোগ নেই। আমরা আজ যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের ভিত্তিতে ৩ পরিবহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।