দেউলিয়া হচ্ছে চীনের সোলার কোম্পানিগুলো?

দেউলিয়া হচ্ছে চীনের সোলার কোম্পানিগুলো?

ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে বিশ্বের জ্বালানি বাজার যখন টালমাটাল, তখন স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল চীনের পরিবেশবান্ধব জ্বালানি কোম্পানিগুলো বড় ধরনের মুনাফা লুটে নেবে।কারণ, বিশ্ববাজারে সরবরাহ করা মোট সোলার প্যানেলের ৮০ শতাংশেরও বেশি তৈরি হয় চীনে। তাদের এই বিপুল উৎপাদনের ওপর ভর করেই গত বছর বিশ্বজুড়ে কয়লার চেয়ে নবায়নযোগ্য উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। কিন্তু বিশ্বসেরা হওয়া সত্ত্বেও চীনের সৌরবিদ্যুৎ শিল্প এখন গভীর সংকটে নিমজ্জিত। যুদ্ধের কারণে রপ্তানি কিছুটা বাড়লেও তা এই খাতের ধস ঠেকাতে পারছে না।

সাম্প্রতিক সময়ে চীনের সোলার কোম্পানি তিনটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি—অভ্যন্তরীণ বাজারে চাহিদা কম, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং পশ্চিমা বাজারে ক্রমবর্ধমান সংরক্ষণবাদিতা। ২০২৪ সাল থেকে শুরু হওয়া তীব্র দামের লড়াইয়ের কারণে সিংহভাগ কোম্পানিই এখন লোকসানে চলছে। বড় ধরনের প্রবৃদ্ধির পর চীনের এই ‘বিশ্বের সোলার ফ্যাক্টরি’ এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি।

দেশের বাজারে চাহিদা কম ও বিদ্যুতের অপচয়

চীনের সোলার প্যানেলের সবচেয়ে বড় বাজার ছিল তাদের নিজেদের দেশই। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এত দ্রুত সোলার প্যানেল বসানো হয়েছে যে, দেশের মূল বিদ্যুৎ গ্রিডগুলো এখন সেই চাপ সামলাতে পারছে না। চীনের ছাদ, পাহাড় আর মরুভূমি এখন ধূসর সিলিকনের চাদরে ঢাকা।

গ্রিডের ধারণক্ষমতার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হওয়ায় বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সৌরবিদ্যুৎ শুধু দিনের বেলায় পাওয়া যায়, যার ফলে রাতে বিদ্যুতের ঘাটতি এবং দিনে অতিরিক্ত উৎপাদন দেখা দিচ্ছে। ফলে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় নয় শতাংশই অপচয় হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ছয় শতাংশ।

এই অপচয়ের কারণে নতুন করে সোলার প্যানেল স্থাপনের যৌক্তিকতা কমছে। খাতসংশ্লিষ্টদের মতে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে চীনে সোলার প্যানেল স্থাপন ২৪ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। পরামর্শক প্রতিষ্ঠান ব্লুমবার্গএনইএফের মতে, এর ফলে গত দুই দশকের মধ্যে এই প্রথম বিশ্বব্যাপী সোলার প্যানেলের সামগ্রিক চাহিদা কমতে যাচ্ছে।

চাহিদার চেয়ে উৎপাদন বেশি

বিগত বছরগুলোতে দেদারসে বিনিয়োগের ফলে চীনের কোম্পানিগুলোর বার্ষিক উৎপাদন সক্ষমতা এখন এক হাজার গিগাবাইট ছাড়িয়ে গেছে। অথচ ২০২৫ সালে বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ সোলার প্যানেল স্থাপনের পরিমাণ ছিল মাত্র ৬০০ গিগাবাইট।

ব্লুমবার্গএনইএফের বিশ্লেষক জেনি চেজ বলেন, বিশ্বের এমন কোনো বড় দেশ আর বাকি নেই, যেখানে এরই মধ্যে বিপুল পরিমাণ সোলার প্যানেল বসানো হয়নি। ফলে এই অতিরিক্ত উৎপাদন গিলে ফেলার মতো বাজার এখন আর নেই।

অতিরিক্ত উৎপাদন ঠেকাতে গত বছর কোম্পানিগুলো নিজেরা জোট বেঁধে কোটা নির্ধারণ এবং সর্বনিম্ন দাম (বেঁধে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু নিজেদের মধ্যে পারস্পরিক অবিশ্বাসের কারণে সেই চুক্তি টেকেনি। উল্টো সরকারি কর্মকর্তারা একে ‘কার্টেল’ বা সিন্ডিকেট গঠনের চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন।

হাত গুটিয়ে নিয়েছে সরকার

একসময় চীনের স্থানীয় ও কেন্দ্রীয় সরকার সোলার কোম্পানিগুলোকে সস্তা জমি ও সুদমুক্ত ঋণের বন্যায় ভাসিয়ে দিত। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। গত বছরের জুন থেকে নতুন সৌর প্রকল্পগুলোকে আর ভর্তুকি বা নির্ধারিত চড়া মূল্যের গ্যারান্টি দেওয়া হচ্ছে না; বরং তাদের বাজারের সাধারণ মূল্যে বিদ্যুৎ বিক্রি করতে হচ্ছে।

এমনকি গত ১ এপ্রিল থেকে রপ্তানির ওপর ট্যাক্স রিফান্ড সুবিধা বন্ধ করে দিয়েছে বেইজিং। অনেক স্থানীয় সরকার এখন সোলার কোম্পানিগুলোর কাছে অতীতে দেওয়া লাখ লাখ ইউয়ান ভর্তুকি ফেরত চাচ্ছে। ব্যর্থ কোম্পানিগুলোকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার চেয়ে তারা দেউলিয়া হয়ে যেতে দেওয়াই শ্রেয় মনে করছে।

ভূরাজনীতি ও পশ্চিমা বাজারের ‘দেওয়াল’

চীনের সস্তা সোলার প্যানেল এখন নিজের সাফল্যেরই শিকার। পশ্চিমা দেশগুলো এবং ভারতের মতো প্রতিবেশী দেশগুলোতে এর বিরুদ্ধে তীব্র ‘সংরক্ষণবাদী’ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ২০২২ সাল থেকেই যুক্তরাষ্ট্র চীনা সোলার আমদানিতে কঠোর বিধিনিষেধ ও উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে।

পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের আশঙ্কা, চীনের তৈরি যন্ত্রপাতি তাদের বিদ্যুৎ অবকাঠামো হ্যাক বা নজরদারির কাজে ব্যবহার হতে পারে। গত মে মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘোষণা করেছে, ইইউ-এর অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোতে তারা চীন থেকে ‘ইনভার্টার’ (সৌরবিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ অংশ) নেওয়া বন্ধ করে দেবে।

ছাঁটাইয়ের হিড়িক ও অন্ধকার ভবিষ্যৎ

এই ত্রিমুখী সংকটের ফল হয়েছে ভয়াবহ। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত চীনের ৪০টিরও বেশি সোলার কোম্পানি দেউলিয়া হয়েছে, অন্য কোম্পানির সঙ্গে একীভূত হয়েছে অথবা শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ পাঁচটি সোলার কোম্পানির মোট জনবলের এক-তৃতীয়াংশ এরই মধ্যে ছাঁটাই করা হয়েছে।

গবেষণা সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবালের জেসিকা জিন বলেন, ‘সবচেয়ে বড় ধসের ধাক্কাটা এখনো আসা বাকি। প্যানেলের দাম বাজারে সামান্য বাড়লেও তা উৎপাদন খরচের চেয়ে এখনো অনেক কম।’

লংজি, টংউই, জিংকো সোলার এবং ত্রিনা সোলারের মতো চীনের শীর্ষ জায়ান্ট কোম্পানিগুলোর শেয়ারের দাম তাদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান থেকে অর্ধেকেরও নিচে নেমে গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অন্ধকার কাটিয়ে ওঠার একমাত্র উপায় হলো পশ্চিমা দেশগুলোর বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া অথবা ‘পেরোভস্কাইট’-এর মতো নতুন প্রযুক্তির বাণিজ্যিকীকরণ, যা সোলার প্যানেলের কার্যক্ষমতা ৩০ শতাংশের ওপরে নিয়ে যাবে। তবে প্রশ্ন হলো, সেই সুদিনের সূর্য দেখার জন্য চীনের কয়টি সোলার কোম্পানি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে?