পূর্বধলায় নৌকাডুবিতে নারীসহ শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
নেত্রকোনার পূর্বধলা উপজেলার একটি বিলে ডিঙ্গি নৌকায় ঘুরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যার আগে উপজেলার চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)।
তারা পরস্পরের আত্মীয়। ঈদ উপলক্ষে তারা পূর্বধলা উপজেলার বিষম্ভরপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা ও গৌরীপুর এলাকা থেকে জামিলা আক্তার ও নুসরাত পূর্বধলার বিষম্ভরপুর গ্রামের একিন মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে পরিবারের ৫ থেকে ৬ জন সদস্য মিলে বাড়ির পাশের চিকনি বিলে ডিঙ্গি নৌকায় চড়ে ঘুরতে যান।
একপর্যায়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ছোট নৌকাটি বিলের মাঝখানে গিয়ে উল্টে যায়। এতে নৌকায় থাকা সবাই পানিতে তলিয়ে যান। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন পানির নিচে আটকা পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে।
তাদের মধ্যে জামিলা আক্তার ও নুসরাতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া মীম (১২) নামে এক কিশোরীকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাডুবির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, একই সঙ্গে অসুস্থ এক কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।