৪৪ বছর বয়সে কুইন্স ক্লাবের ডাবলসে খেলবেন কিংবদন্তি

৪৪ বছর বয়সে কুইন্স ক্লাবের ডাবলসে খেলবেন কিংবদন্তি

ছবি: সংগৃহীত

দীর্ঘ চার বছর পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। চলতি মাসের শেষের দিকে লন্ডনের কুইন্স ক্লাবে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ-৫০০ টুর্নামেন্টের নারী ডাবলসে অংশ নেবেন ৪৪ বছর বয়সী আমেরিকান তারকা। টুর্নামেন্টটির মূল পর্ব শুরু হতে যাচ্ছে আগামী ৮ জুন, যেখানে খেলার জন্য সেরেনাকে একটি ওয়াইল্ডকার্ড দেওয়া হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেরেনা জুটি বাঁধতে যাচ্ছেন ১৯ বছর বয়সী কানাডিয়ান উদীয়মান তারকা ভিক্টোরিয়া মবোকোর সাথে।

২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ড স্লাম সিঙ্গেলস শিরোপাজয়ী সেরেনা ২০২২ সালের ইউএস ওপেনের পর টেনিস থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ ১৯৬ সপ্তাহ পর এই ঘাসের কোর্টের টুর্নামেন্ট দিয়েই তার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

প্রত্যাবর্তন প্রসঙ্গে সেরেনা জানান, ‘এই নতুন অধ্যায় শুরু করার জন্য কুইন্স ক্লাবকে আমার একদম নিখুঁত জায়গা বলে মনে হচ্ছে। ঘাসের কোর্ট আমার ক্যারিয়ারে অনেক অর্থবহ মুহূর্ত উপহার দিয়েছে এবং টেনিসের অন্যতম আইকনিক এই মঞ্চে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারার জন্য আমি রোমাঞ্চিত।’

সেরেনার এই প্রত্যাবর্তনের গুঞ্জন মূলত শুরু হয়েছিল গত বছর, যখন ড্রাগ-টেস্টিং পুলের খেলোয়াড়দের তালিকায় তার নাম দেখা যায়। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির পুনর্বহাল তালিকায় তার নাম আসার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে টেনিস কোর্টে প্রবেশের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে সেরেনা নিজেই এই ফেরার ইঙ্গিত দেন।

আধুনিক টেনিসের ইতিহাসে নারীদের মধ্যে সর্বাধিক ২৩টি গ্র্যান্ড স্লাম সিঙ্গেলস শিরোপার মালিক সেরেনা। এছাড়া বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে তিনি ১৪টি গ্র্যান্ড স্লাম ডাবলস শিরোপা জিতেছেন। অলিম্পিক গেমসেও ৩টি ডাবলস এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে একটি একক গোল্ড মেডেলসহ ক্যারিয়ার গোল্ডেন স্লাম পূর্ণ করার অনন্য কীর্তি রয়েছে তার।