দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ, উদ্ধার চাকু ও বিয়ারের ক্যান

দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ, উদ্ধার চাকু ও বিয়ারের ক্যান

সংগৃহীত ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। গাড়িটি থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান এবং নারীদের একটি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার আগানগর এলাকা থেকে ছাই রঙের প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-খ ১৪-০২০৮) জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ২টার দিকে আগানগর ইউনিয়নের তরিকুল্লাহ রোড এলাকার বাসিন্দা রমজান আলী মিয়ার বাড়ির পেছনে অজ্ঞাত ব্যক্তিরা গাড়িটি রেখে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির দরজা খুলে তল্লাশি চালায়।

তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি টাইগার বিয়ারের ক্যান এবং একটি থ্রি-পিস উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা রমজান আলী মিয়া বলেন, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে এসে তিনি দেখতে পান তার বাড়ির পেছনে একটি অপরিচিত প্রাইভেট কার পড়ে আছে। পরে আশপাশের লোকজনের কাছে গাড়িটির বিষয়ে জানতে চাইলেও কেউ কোনো তথ্য দিতে পারেননি। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ সদস্যদের নিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে একটি সুইচগিয়ার চাকু, একটি বিয়ারের ক্যান এবং একটি থ্রি-পিস উদ্ধার করা হয়।

তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে গাড়িটির নিবন্ধন নম্বর যাচাই করে মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার মাধ্যমে কারা গাড়িটি সেখানে রেখে গেছে, তা উদ্‌ঘাটনের চেষ্টা করছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, গাড়িটি নিয়ে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।