প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে পাকিস্তানি যুবক

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে পাকিস্তানি যুবক

ছবিঃ সংগৃহীত।

উত্তর কাশ্মীরের উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশের সময় পাকিস্তানের আজাদ কাশ্মীরের এক যুবককে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী।প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সামাজিকমাধ্যমে পরিচয় হওয়া এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরেই তিনি সীমান্ত অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আসার চেষ্টা করেছিলেন।

আটক যুবকের নাম জিশান আহমেদ (২২)। তিনি আজাদ কাশ্মীরের হাভেলি কাহুটা এলাকার রাঙ্কেরি গ্রামের বাসিন্দা।

ভারতীয় সেনাবাহিনীর শ্রীনগরভিত্তিক চিনার কোর জানিয়েছে, উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার সময় কর্তব্যরত জওয়ানদের নজরে পড়েন জিশান। তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। পরে আটক করে জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উরির একটি সীমান্তবর্তী গ্রামের এক তরুণীর সঙ্গে সামাজিকমাধ্যমে জিশানের পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়।

তদন্তকারীদের দাবি, নিয়মিত কথাবার্তার সময় জিশান তার পারিবারিক অশান্তি এবং ব্যক্তিগত সমস্যার কথা ওই তরুণীকে জানিয়েছিলেন। ওই তরুণীই জিশানকে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে ভারতে চলে আসার পরামর্শ দেন। এমনকি তিনি জিশানকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এসে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার কথাও বলেন।

তরুণীর ধারণা ছিল, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে জিশান ভারতের কাশ্মীর উপত্যকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখতে পুলিশ ওই তরুণীকেও জিজ্ঞাসাবাদ করেছে।

তদন্তকারীদের দাবি, জিশান যে তথ্য দিয়েছেন তার সঙ্গে তরুণীর বক্তব্যের মিল পাওয়া গেছে। তবে নিরাপত্তা সংস্থাগুলি এই ঘটনাকে শুধুমাত্র প্রেমঘটিত বিষয় হিসেবে দেখছে না। সীমান্ত অতিক্রমের পেছনে অন্য কোনও কারণ বা সম্ভাব্য নিরাপত্তা-সংক্রান্ত বিষয় জড়িয়ে আছে কি না, তা খতিয়ে দেখতে ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।