উইন্ডিজের বিপক্ষে ১ রানের ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের
সংগৃহীত
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১ রানে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যারিবীয়দের বিপক্ষে এটিই আইরিশ মেয়েদের প্রথম জয়। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ব্যাট হাতে রেকর্ডগড়া অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে আয়ারল্যান্ডকে উল্লাসে ভাসিয়েছেন দলনেতা অরলা প্রেন্ডারগাস্ট।
পাকিস্তান বধের পর এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিল আয়ারল্যান্ড। ক্লোনটার্ফে ডিএলএস পদ্ধতিতে ১ রানের নাটকীয় জয় পায় স্বাগতিকরা।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে আইরিশ বোলারদের তোপের মুখে পড়ে পাওয়ার প্লে-র মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। এরপর জ্যানিলিয়া গ্লাসগোর ২৬ বলে ৩৬ এবং ক্যাম্পবেলের ২১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানের সংগ্রহ দাঁড় করায় ক্যারিবীয় নারীরা।
আয়ারল্যান্ডের পক্ষে আভা ক্যানিং মাত্র ১১ রান খরচায় ২টি এবং অধিনায়ক অরলা প্রেন্ডারগাস্ট ২৬ রানে ২টি উইকেট শিকার করেন।
১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চরম বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই মাত্র শূন্য রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। দলের হাল ধরেন অরলা প্রেন্ডারগাস্ট। মাত্র ৪৬ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। রেবেকা স্টোকেলের (১২) সাথে ৫৭ রান এবং লুইস লিটলের সাথে ৩৪ রানের জুটি গড়েন তিনি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৪.১ ওভারে ৫ উইকেটে ৯৯ রান করে আইরিশরা।
সিরিজের পরবর্তী ম্যাচে আগামী বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড।