বিশ্বকাপে নজর কাড়বে বিশ্বের দামি ৬৮ হাজার কোটি টাকার স্টেডিয়াম ‘সোফি’
ছবি: সংগৃহীত
লস অ্যাঞ্জেলেসের ইনগলউডে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে এক অত্যাধুনিক স্পেসশিপের মতো স্থাপনা। এটি শুধু একটি স্টেডিয়াম নয়, বরং ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সাক্ষী। সোফি স্টেডিয়াম ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে ব্যয়বহুল ভেন্যু। প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার (৬৭ হাজার ৫৪০ কোটি টাকা বা প্রায় ৬৮ হাজার কোটি টাকা) খরচে নির্মিত এই মাঠ বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস ভেন্যুর খেতাব অর্জন করেছে। এই বিপুল অঙ্ক শুধু ইস্পাত আর কংক্রিটের নয়, বরং ভবিষ্যতের ফুটবল অভিজ্ঞতার বিনিয়োগ।
সোফির গল্প শুরু হয়েছে পুরনো হলিউড পার্ক রেসট্র্যাকের জমিতে। ২০১৬ সালে নির্মাণকাজ শুরু হয় লস অ্যাঞ্জেলেস র্যামসের মালিক ই. স্ট্যানলি ক্রোনকে-এর উদ্যোগে। লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি হওয়ায় উচ্চতার সীমাবদ্ধতার কারণে মাঠটি মাটির নিচে প্রায় ৩০ মিটার গভীরে খনন করে তৈরি করা হয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বরে উদ্বোধন হয় এই স্টেডিয়ামের।
নির্মাণে বাজেট অনেকবার বেড়েছে। প্রাথমিক অনুমান ছিল অনেক কম, কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি, ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন ও পরিবেশবান্ধব ফিচার যোগ করতে গিয়ে খরচ বেড়ে দাঁড়ায় রেকর্ড পরিমাণে। আজ এটি শুধু এনএফএলের লস অ্যাঞ্জেলেস র্যামস ও চার্জার্সের হোম গ্রাউন্ড নয়, বরং বিশ্বের অন্যতম আইকনিক স্পোর্টস ও এন্টারটেইনমেন্ট হাব।
সোফির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ইনডোর-আউটডোর ডিজাইন। বিশ্বের প্রথম এমন স্টেডিয়াম, যেখানে প্রকৃতির বাতাস সহজে প্রবেশ করে অথচ আবহাওয়া নিয়ন্ত্রণও সম্ভব। ছাদ তৈরি হয়েছে স্বচ্ছ ইটিটিই প্যানেল দিয়ে, যা আলো আসতে দেয় কিন্তু বৃষ্টি-রোদ থেকে রক্ষা করে। ছাদটি দেয়ালের সঙ্গে সংযুক্ত নয়, স্বাধীনভাবে ভাসমান।
ক্ষমতা সাধারণত ৭০,০০০ দর্শকের, বিশেষ ইভেন্টে বাড়িয়ে ফেলা যায় ১,০০,০০০ পর্যন্ত। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডুয়েল-সাইড ৪কে ভিডিওবোর্ড ওজন প্রায় ২২ লাখ পাউন্ড! দুই পাশ থেকে অসাধারণ ছবি দেখায় এটি এবং ছাদের স্থিতিশীলতায়ও সাহায্য করে।
পরিবেশবান্ধবতায়ও অনন্য। বৃষ্টির পানি সংরক্ষণ করে পুরো এলাকার সেচের কাজ চালানো হয়। আশেপাশে রয়েছে লেক, পার্ক, ইউটিউব থিয়েটার ও বিশাল প্লাজা। এটি শুধু খেলার মাঠ নয়, এক সম্পূর্ণ বিনোদন নগরী।
উদ্বোধনের পর থেকেই সোফি লিখছে ইতিহাস। ২০২২ সালে এখানে অনুষ্ঠিত হয় সুপার বোল র্যামস চ্যাম্পিয়ন হয়। ২০২৩ সালে কলেজ ফুটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, রেসলম্যানিয়া ৩৯ এবং কনকাকাফ গোল্ড কাপ ফাইনাল হয়েছে। বিখ্যাত তারকারা এখানে কনসার্ট করেছেন টেলর সুইফট, বিইয়ন্সে, দ্য উইকেন্ড থেকে শুরু করে বিটিএস।
২০২৬ ফিফা বিশ্বকাপে সোফি (বিশ্বকাপে নাম হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম) আয়োজন করবে ৮টি ম্যাচ। এর মধ্যে রয়েছে ১২ জুন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে (যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচ)। অন্যান্য গ্রুপ স্টেজ ম্যাচ (ইরান-নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড-বসনিয়া, বেলজিয়াম-ইরান ইত্যাদি)। রাউন্ড অব ৩২-এর দুটি ম্যাচ। একটি কোয়ার্টার ফাইনাল।
বিশ্বকাপের জন্য এখন পিচ তৈরি, সিটিং অ্যাডজাস্টমেন্ট ও ফিফা স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিবর্তন চলছে। এর আগে সুপার বোল, অলিম্পিকের অভিজ্ঞতা থাকায় এটি ফাইনালেরও শক্তিশালী দাবিদার।