মেয়র হলে দুই বছরের মধ্যে ঢাকার চেহারা পাল্টে দেব: আবদুস সালাম
ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বিএনপি যদি ৫ বছর ক্ষমতায় থাকে, ইনশাআল্লাহ বিরোধী দলের কথা বলার মতো সুযোগ থাকবে না। আর আমি বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। আপনারা যদি আগামী নির্বাচনে আমাকে ভোট দিয়ে মেয়র বানান দুই বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পাল্টে দেব, ইনশাআল্লাহ।
মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ, বংশাল থানা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, এই ঢাকা শহর আবর্জনার শহর ছিল। এই ঢাকা শহর আজকে জনগণ দেখতে পাচ্ছে প্রতিদিন পরিবর্তন হচ্ছে। আমরা জনগণকে অনুরোধ করব শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষে ঢাকা শহর পাল্টানো সম্ভব না, যদি আপনারা সহযোগিতা না করেন। চিকুনগুনিয়া, ডেঙ্গু রোগ সামনে আসতেছে এখন থেকেই যার যার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে।
বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। কোথাও কোনো পানি যেন দুই দিনের বেশি জমে না থাকে সেটা পরিষ্কার করতে হবে আপনাদের। তাহলেই দেখবেন এই ডেঙ্গু রোগ থেকে আমরা বাঁচতে পারব। সর্বোপরি এই দেশটা আমাদের এই শহরটা আমাদের।
এই শহরকে বাঁচাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তাই আপনাদের সহযোগিতা আমরা চাই।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল জনগণের দল ছিল তাই বারবার যখন এই দেশে সংকট এসেছে মানুষ শহীদ জিয়ার দলকেই ভোট দিয়েছে। আমরা বলতে পারি তারেক রহমান প্রতিদিন কষ্ট করে যাচ্ছেন মানুষের জন্য। তিনি ছুটির দিনেও কাজ করে যাচ্ছেন। তাই এভাবে যদি কাজ করা যায়; জিয়াউর রহমান যেমন বলেছিলেন ‘মানি ইজ নো প্রবলেম’ আমাদের নেতা তারেক রহমানও আজকে জনগণের কল্যাণে কাজ করছেন।
জনগণ যদি সহযোগিতা করে, যদি চুরিটা বন্ধ করা যায়, দুর্নীতিটা বন্ধ করা যায়, রাহাজানিটা বন্ধ করা যায়, তাহলে এই দেশে টাকার কোনো সমস্যা নাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এ ছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।